রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মুনসুর খান প্লাজা মার্কেটের ৬ তলায় লাগা আগুন ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় সম্পূর্ণ নির্বাপণ করতে সময় লেগেছে সাড়ে ৩৭ ঘণ্টা।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ৬টা ৩০ মিনিটের দিকে আগুন নির্বাপণ সম্পন্ন হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।
তিনি বলেন, আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ৬টা ৩০ মিনিটের দিকে চকবাজারের আগুন নির্বাপণ সম্পন্ন হয়। সরু গলি, তীব্র ধোঁয়া ও পানির স্বল্পতায় আগুন নেভাতে বেগ পেতে হয়।
এর আগে, ফায়ার সার্ভিসের চেষ্টায় চকবাজারের ওই মার্কেটে আগুন লাগার ১২ ঘণ্টা ২০ মিনিট পর গতকাল মঙ্গলবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে।
এঘটনায় আগুন নিয়ন্ত্রণে আসার আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মাহমুদুল হাসান বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের সঙ্গে স্পেশাল রেসপন্স টিম ও লাইটিং ইউনিটসহ মোট ১২টি ইউনিট কাজ করেছে। সরু রাস্তাঘাটের কারণে বিশেষায়িত ও ভারী গাড়ি ঘটনাস্থলে নেওয়া কঠিন হচ্ছে। পাশাপাশি ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে হচ্ছে ঝুঁকি নিয়ে। ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার আশা থাকলেও গোডাউনগুলোতে বিপুল পরিমাণ মালামাল মজুত থাকায় ঠিক কতক্ষণ লাগবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, ভবনটির ষষ্ঠ তলায় থাকা মালামাল পুড়ে গেছে। পঞ্চম তলায় ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়েছে। পুরান ঢাকার ভবনগুলোর কাঠামো ও দোকানগুলোর বিন্যাসের কারণে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রায় ১৫০ জন সদস্য কাজ করেন। তাদের সঙ্গে স্বেচ্ছাসেবী ও স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন। সব মিলিয়ে ঘটনাস্থলে প্রায় ২০০ থেকে ৩০০ জন কাজ করেন।
এর আগে, সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে মুনসুর খান প্লাজার ৬ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আর ওই আগুন নিয়ন্ত্রণে আসে মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে।
পূর্বকোণ/আদর


















