চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

উদ্ধার হওয়া ল্যাপটপ জার্মান পর্যটককে হস্তান্তর করল পুলিশ

অনলাইন ডেস্ক

১৩ অক্টোবর, ২০২৬ | ৪:১৮ অপরাহ্ণ

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করে তাকে ফেরত দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপি আলী হোসেন ফকির ল্যাপটপটি হস্তান্তর করেন।
 
হারানো ল্যাপটপ ফিরে পেয়ে ক্রিল পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ জানিয়েছে, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন এই জার্মান পর্যটক। তিনি গত ৭ অক্টোবর নাটোর রেলস্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি ল্যাপটপ ও ক্যামেরা ওয়েটিং রুমে রেখে পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান।
 
ফিরে এসে তিনি ল্যাপটপ ও ক্যামেরা খুঁজে না পেয়ে নাটোর থানায় গিয়ে পুলিশের সহযোগিতা কামনা করেন।
হারিয়ে যাওয়া ল্যাপটপে তার গত ছয় মাসের কার্যক্রম ছাড়াও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল। তার লিখিত আবেদনের প্রেক্ষিতে নাটোর পুলিশের একাধিক টিম হারানো ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে অভিযান শুরু করে। গত ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টায় নাটোর সদর থানাধীন কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
 
 
বিদেশি পর্যটকের অভিযোগের দ্রুত নিষ্পত্তি করায় আইজিপি আজ নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মো. মনসুর রহমান ও সাব-ইন্সপেক্টর মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন। এ সময় আইজিপি পুলিশ সদস্যদের দেশি-বিদেশি সব নাগরিককে নিরাপত্তা প্রদান ও আস্থা অর্জন, পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং জনমুখী পুলিশিংয়ের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপনের নির্দেশনা দেন।
 
পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট