চট্টগ্রাম সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে মিলল সোনা-রুপাসহ বৈদেশিক মুদ্রা

৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে মিলল সোনা-রুপাসহ বৈদেশিক মুদ্রা

অনলাইন ডেস্ক

১২ অক্টোবর, ২০২৬ | ৭:২৬ অপরাহ্ণ

দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনা করা হয়েছে। এতে পাওয়া গেছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এসব স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনা করা হয়। জেলা জুয়েলারি সমিতির ১০ জন সদস্য এ কার্যক্রম পরিচালনা করেন।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ। তবে এখনো বৈদেশিক মুদ্রার গণনার কাজ চলছে।

এ সময় জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ২০২০ সালের ১১ মার্চ পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনা করা হয়েছিল। ওই সময় নিলামে ৪১৫ ভরি ১ আনা স্বর্ণ ও ১৬৪ ভরি রুপা বিক্রি করে ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ১০০ টাকা পাওয়া যায়। এ ছাড়াও বৈদেশিক মুদ্রা নগদায়ন করে পাওয়া যায় ১ লাখ ২৭ হাজার ৬৫১ টাকা।

বর্তমানে পাগলা মসজিদের তহবিলে মোট ১৩১ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা জমা রয়েছে। এর বাইরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনুদান হিসেবে পাওয়া গেছে ৩৯ লাখ ৩২ হাজার ১০৬ টাকা।

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট