চট্টগ্রাম রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম

আইনি নোটিশ

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম

অনলাইন ডেস্ক

১১ অক্টোবর, ২০২৬ | ৭:০১ অপরাহ্ণ

দেশে গরুর মাংসের দাম প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
 
রবিবার (১১ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে সরকারের মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সরকারি সংস্থার ছয় কর্মকর্তার উদ্দেশ্যে এ নোটিশ পাঠান।
 
আইনি নোটিশে বলা হয়, বর্তমানে দেশে প্রতি কেজি গরুর মাংস ৭৮০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা অতিরিক্ত এবং এর ফলে দরিদ্র, নিম্নবিত্ত ও নির্দিষ্ট আয়ের মধ্যবিত্ত পরিবারের পুষ্টি ও প্রাণিজ আমিষের চাহিদা চরমভাবে ব্যাহত হচ্ছে।
 
এই পরিস্থিতি সামাল দিতে নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে কয়েকটি নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে- জীবিত গরু ও আন্তর্জাতিক মানসম্পন্ন সনদপ্রাপ্ত হালাল হিমায়িত মাংস আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, মাংস আমদানির ক্ষেত্রে শুল্ক যৌক্তিকীকরণ, এবং বাজারে প্রতিযোগিতা বাড়িয়ে প্রতি কেজি গরুর মাংসের দাম ২৫০ টাকার মধ্যে নামিয়ে আনা।
 
আন্তর্জাতিক বাণিজ্যের ‘তুলনামূলক সুবিধা তত্ত্ব’ উল্লেখ করে নোটিশে বলা হয়, বাংলাদেশে চারণভূমির স্বল্পতা ও পশুখাদ্যের উচ্চমূল্যের কারণে মাংস উৎপাদন ব্যয়বহুল। অন্যদিকে যেসব দেশে বৃহৎ পরিসরে গবাদিপশু পালন সম্ভব, সেসব দেশ থেকে শুল্ক কমিয়ে মাংস আমদানির সুযোগ দিলে দেশের বাজারে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হবে। সংবিধানের ১৫(ক), ১৮(১) ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জনগণের খাদ্য, পুষ্টি ও জীবনধারণের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও আইনি নোটিশে তুলে ধরা হয়।
 
পূর্বকোণ/রানা/পারভেজ
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট