নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। চিকিৎসক জানিয়েছেন, তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন- রোজিনা (৩০), তার স্বামী শরিফ (৩৪), রোজিনার ভাই রিয়াজ (২২) ও রনি (১৯)। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
দগ্ধদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিবার (১১ অক্টোবর) ভোরে জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরিফের ৪০ শতাংশ, রিয়াজের ৪০ শতাংশ এবং রনির ৭০ শতাংশ পুড়ে গেছে।
তিনি আরও জানান, দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনার পর তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক।
দগ্ধ চারজনের শারীরিক অবস্থার অবনতি ও গুরুতর দগ্ধ হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।
পূর্বকোণ/মিফতা



















