বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদীয় দলের বৈঠক আহ্বান করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে এ গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে।
দলটির দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, বৈঠকে মূলত বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রস্তাবিত সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।এ ছাড়া সাম্প্রতিক সময়ে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা দখলদারি, চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগের বিষয়ে কঠোর বার্তা দেওয়া হতে পারে। পাশাপাশি সংরক্ষিত আসন থেকে সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ, বিরোধী দলগুলোর লং মার্চ কর্মসূচি, চলমান বিদ্যুৎ পরিস্থিতি এবং আসন্ন দুর্গাপূজা কেন্দ্র করে শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়টিও আলোচ্যসূচিতে রয়েছে। বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৈঠকের বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়াবলি নিয়ে আলোচনার লক্ষ্যেই সংসদ নেতা তারেক রহমান এই সভা ডেকেছেন।উল্লেখ্য, সাধারণত জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার ঠিক পূর্বে বা অধিবেশন চলাকালে সংসদীয় দলের সভা ডাকার রীতিনীতি থাকলেও এবার অধিবেশনের তারিখ ঘোষণার আগেই এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পূর্বকোণ/ঐশী



















