‘লিফট চালু দেখলাম, তারপরও হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে।’ আদালতে এভাবেই নিজের আপত্তির কথা জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি প্রশ্ন তোলেন, ‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলমের আদালতে এ ঘটনা ঘটে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় পলককে আদালতে হাজির করা হয়।
শুনানিকালে পলক বলেন, ‘হাতকড়া পেছনে দিয়ে আমাকে সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। আদালতের কাছে আমার অনুরোধ, হাতকড়া সামনে দেওয়ার ব্যবস্থা করা হোক।’
রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে তিনি আরও বলেন, ‘পিপি সাহেবের বোঝা উচিত, তাঁর সেই স্থান থেকে আমার এই স্থান বেশি দূরে নয়।’
পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি অভিযোগ করেন, আদালতের দুটি লিফটের একটি সচল থাকলেও আসামিদের সিঁড়ি দিয়ে ওঠানামা করানো হয়েছে। মরিচা ধরা হাতকড়া ও অপরিচ্ছন্ন বুলেটপ্রুফ জ্যাকেটের কারণে তারা অসুস্থ হয়ে পড়তে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
আদালত সূত্রে জানা যায়, এদিন কারাগারে থাকা আট আসামিকে হাজির করা হয়। অন্য দুই আসামিকে হাজির করতে না পারায় আদালত পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। এ ঘটনায় করা মামলায় শেখ হাসিনা ও পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
পূর্বকোণ/নুসরাত


















