চট্টগ্রাম বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ

অনলাইন ডেস্ক

৭ অক্টোবর, ২০২৬ | ১২:৩১ অপরাহ্ণ

বহর সম্প্রসারণের অংশ হিসেবে বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তির পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
 
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও এয়ারবাসের মধ্যে চুক্তি সই হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় হোটেলের গ্রাউন্ড লেভেলের উৎসব হলে এ চুক্তি সই অনুষ্ঠান হবে।
 
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শিরোনামে অনুষ্ঠানে ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার চুক্তি সই হবে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমায়ার উপস্থিত থাকবেন।
 
প্রস্তাবিত চুক্তির আওতায় এয়ারবাস থেকে চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কিনবে বিমান। এর মধ্যে প্রশস্ত কাঠামোর এ৩৫০-৯০০ মূলত দূরপাল্লার আন্তর্জাতিক রুটে এবং সরু কাঠামোর এ৩২১নিও আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে ব্যবহার করা হবে।
 
এয়ারবাসের উড়োজাহাজ সরবরাহ শুরু হতে পারে ২০৩৩ সালে। পর্যায়ক্রমে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত এসব উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হতে পারে। তবে ১০টি উড়োজাহাজ কিনতে মোট কত অর্থ খরচ হবে, সে বিষয়ে এখনো বাংলাদেশ বা এয়ারবাসের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট