চট্টগ্রাম বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

এবার এভারেস্টে পাহাড়ের ‘বীর’

এবার এভারেস্টে পাহাড়ের ‘বীর’

নিজস্ব সংবাদদাতা, কাপ্তাই

৭ অক্টোবর, ২০২৬ | ১১:১১ পূর্বাহ্ণ

কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠ থেকে সাইকেল চালিয়ে নেপালের এভারেস্ট অঞ্চলের তিনটি উচ্চতম পাস জয় করে অনন্য কীর্তি গড়েছেন রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বাসিন্দাসাইক্লিস্ট বীর কুমার তঞ্চঙ্গ্যা।
 
‘সি টু হিমালয়াস এক্সপেডিশন ফর এওয়ারনেস’ শীর্ষক অভিযানে তিনি প্রথম বাংলাদেশি ও প্রথম আদিবাসী সাইক্লিস্ট হিসেবে স্থলপথে সাইকেল চালিয়ে এভারেস্ট অঞ্চলের কংমা লা, চো লা ও রেনজো লা পাসের চূড়ায় পৌঁছেছেন বলে জানিয়েছেন তিনি। অভিযানের সর্বশেষ ধাপে গত  সোমবার  (৫ অক্টোবর) নেপালের স্থানীয় সময় বিকেল ৪টা ২৬ মিনিটে ৫ হাজার ৩৬০ মিটার উচ্চতার রেনজো লা পাস জয় করেন বীর কুমার। এর আগে গত ১ অক্টোবর দুপুর ১২টা ৩৩ মিনিটে ৫ হাজার ৪২০ মিটার চো লা পাস এবং ২১ সেপ্টেম্বর দুপুর ১টা ৫৩ মিনিটে ৫ হাজার ৫৩৫ মিটার উচ্চতার কংমা লা পাস জয় করেন তিনি। এভারেস্ট অঞ্চলের দুর্গম ও উচ্চতর তিনটি পাস সাইকেলে অতিক্রমের এ অভিযানে গত ১৪ আগস্ট বীর কুমার কক্সবাজারের জিরো পয়েন্ট থেকে স্থলপথে সাইকেল চালিয়ে নেপালের হিমালয় অঞ্চলে পৌঁছান। দীর্ঘ পথের নানা প্রতিকূলতা, দুর্গম পাহাড়ি পথ ও উচ্চতার চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি একে একে তিনটি পাসের চূড়ায় সাইকেল নিয়ে পৌঁছান।
 
 
এদিকে, অভিযান শেষে গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমেবীর কুমার তঞ্চঙ্গ্যা দৈনিক পূর্বকোণ সংবাদদাতাকে বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার পাশে থাকা প্রত্যেক মানুষের। আপনাদের ভালোবাসা, সহযোগিতা, উৎসাহ ও অনুপ্রেরণাই আমার পথচলার শক্তি।”
 
 
পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট