আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি থাকবে। তবে তার আগের শনিবার (১৭ অক্টোবর) অফিস খোলা থাকবে।
সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকবে। পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।
ফলে ২২ অক্টোবরের ছুটি অনুমোদন হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি থাকবে। এই ছুটি শুরু হওয়ার আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১৭ অক্টোবর) অফিস খোলা থাকবে।
এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ ছুটি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ ছুটির সময় এসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এদিকে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতি বছর সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।
পূর্বকোণ/মিফতা/পারভেজ

















