চট্টগ্রাম রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

বিএনপি ’০৬ সালের মতো নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার চায় : হাসনাত

বিএনপি ’০৬ সালের মতো নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার চায় : হাসনাত

অনলাইন ডেস্ক

৪ অক্টোবর, ২০২৬ | ৬:৫৩ অপরাহ্ণ

বিএনপি ২০০৬ সালের মতো একদলীয় নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে নতুন একটি ফর্মুলা সামনে আনতে চায় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এজন্য দলটি প্রতারণামূলক নতুন কোনো ব্যবস্থায় যেতে পারে এবং ধর্মীয় কার্ড ব্যবহার করতে পারে বলেও অভিযোগ করেন তিনি।

রবিবার (০৪ অক্টোবর) জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের মতো বিএনপি সরকারও ব্যাংক খাতকে নতুন করে অলিগার্ক মাফিয়াদের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে বাধ্য হয়ে সরকার ব্যাংক রেজুলেশনের ১৮(ক) ধারা বাতিল করেছে বলেও তিনি জানান।

বৈঠকে রুগ্ন শিল্প প্রতিষ্ঠানকে ২০ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার বিষয়ে তিনি আপত্তি জানিয়েছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, বাণিজ্যিক ব্যাংকের বদলে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এ ঋণ দেওয়া হলে সেখানে রাজনৈতিক প্রভাবের সুযোগ তৈরি হতে পারে, যা বিএনপি ঘনিষ্ঠ প্রতিষ্ঠানগুলোকে অনৈতিক সুবিধা দেওয়ার আশঙ্কা বাড়াবে।

বেসরকারি খাতে ঋণপ্রবাহ রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় কর্মসংস্থান সংকুচিত হচ্ছে উল্লেখ করে ঋণখেলাপিরা যাতে নতুন করে ঋণ নিতে না পারেন, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

গণভোট ইস্যুতে বিএনপি দ্বিমুখী অবস্থান নিয়েছে দাবি করে হাসনাত আব্দুল্লাহ বলেন, এসব কারণে দলটি জনগণের আস্থা হারিয়েছে। বর্তমান সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা মামুরা সংশোধন কমিটি’ বলেও আখ্যা দেন এই বিরোধীদলীয় সংসদ সদস্য।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট