এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামী স্থানীয় নির্বাচনে যদি টাকার শক্তি, দুর্নীতি কিংবা পেশীশক্তি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হয়, তবে জনগণ তা মেনে নেবে না। এনসিপি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। জনগণের ভোটাধিকার বাধাগ্রস্ত হলে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাটের একটি কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা আয়োজিত মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ জেলা এনসিপির সভাপতি লায়ন এ এম মুন্না চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
বক্তব্যে তিনি আরও বলেন, দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে দেশে একটি পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছিল। এনসিপি চেয়েছিল প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে রাষ্ট্র ও প্রতিষ্ঠানগুলো আরও গণমুখী ও কার্যকর হয়ে উঠুক। কিন্তু দুর্নীতি ও অনিয়ম বন্ধ না হওয়ায় মানুষের ভোগান্তি এখনো থেকেই গেছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিফাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা মিশমা, চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক একরামুল হক, মহানগর শাখার সভাপতি মীর মোহাম্মদ শোয়াইব এবং যুবশক্তির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইফাত ইব্রাহিম প্রমুখ।
অনুষ্ঠানে সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৮৮০ জন নতুন কর্মী এনসিপিতে যোগদান করেছেন বলে জানান আয়োজকরা।
পূর্বকোণ/রানা/পারভেজ

















