পিরোজপুরের নেছারাবাদে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ‘শৃঙ্খলা ভঙ্গের কারণ’ দেখিয়ে ছাত্রদল নেতা নাদিম মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান।
এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন সই করা এক সিদ্ধান্তে নাদিম মাহমুদকে প্রাথমিক সদস্য পদসহ ছাত্রদলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।
নাদিম মাহমুদ স্বরূপকাঠী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১ নম্বর বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক ছিলেন।
এর আগে উপজেলার ১৪৮ নম্বর দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ৩০ প্যাকেট দুধ চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে নাদিম মাহমুদসহ কয়েকজনের বিরুদ্ধে। গত ২৫ সেপ্টেম্বর বিন্না খালে নৌকাবাইচ উপলক্ষে বিদ্যালয়ে অতিথিদের আপ্যায়নে শিক্ষকরা ব্যস্ত থাকার সময় লাইব্রেরিতে রাখা দুধ নিয়ে যান তারা।
বিষয়টি জানাজানি হলে বুধবার (৩০ সেপ্টেম্বর) ২৭ প্যাকেট দুধ কিনে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ফেরত দেন নাদিম মাহমুদ। বাকি তিন প্যাকেট দুধ খেয়ে ফেলার কথা জানান সংশ্লিষ্টরা।
অভিযোগের বিষয়ে নাদিম মাহমুদ জানান, তিনি ও তার দুই বন্ধু বিদ্যালয় থেকে ৩০ প্যাকেট দুধ নিয়েছিলেন। এগুলো শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল তা তারা জানতেন না। পরে বিষয়টি জানতে পেরে ২৭ প্যাকেট দুধ কিনে বিদ্যালয়ে ফেরত দেন।
ঘটনাটি কয়েক দিন পর শিক্ষা অফিসকে জানানোয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নেছারাবাদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মঈনুল ইসলাম বলেন, ঘটনার কয়েকদিন পার হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি তাদের জানায়নি। এ কারণে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।
পূর্বকোণ/এএইচ

















