জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সংসদ ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংসদ সচিবালয়ের গণসংযোগ-১ শাখার পরিচালক মো. মনির হোসেন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির বিষয়ে কথা বলবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে গিয়ে তিনি নিজেই পদত্যাগপত্র জমা দেন। বিএনপির এ সংসদ সদস্যের পদত্যাগের এমন গুঞ্জনের মধ্যেই স্পিকারের জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা এসেছে।
এদিন দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। ওই ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতেই তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর মিষ্টির পদত্যাগের সম্ভাবনার বিষয়টি সামনে এসেছে। ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
ঘটনাটি নিয়ে সরকার ও বিএনপির পক্ষ থেকে তদন্তের কথা জানানো হয়েছে। রাড্ডার ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
পূর্বকোণ/মিফতা
















