চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ক্যাশলেস বাংলাদেশ গড়তেই ‘বাংলা কিউআর’: আমির খসরু

ক্যাশলেস বাংলাদেশ গড়তেই ‘বাংলা কিউআর’: আমির খসরু

অনলাইন ডেস্ক

১ অক্টোবর, ২০২৬ | ২:১৮ অপরাহ্ণ

ক্যাশলেস বাংলাদেশ গড়তে সবাইকে কিউআর কোডভিত্তিক লেনদেনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
 
 
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও কিউআর কোডভিত্তিক লেনদেন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
 
 
অর্থমন্ত্রী বলেন, সরকারের এই উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যে কোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হবে এবং এর জন্য গ্রাহক বা ব্যবসায়ীকে কোনো ধরনের বাড়তি চার্জ বা ফি দিতে হবে না।
 
 
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা কিংবা ছোট ব্যবসায়ীরাও যে কোনো ব্যাংক বা সার্ভিস প্রোভাইডারের অ্যাকাউন্টে সহজেই কিউআর কোড ব্যবহার করে টাকা গ্রহণ করতে পারবেন।
 
 
তিনি  আরও বলেন, প্রাথমিক পর্যায়ে বাংলা কিউআর ব্যবহারে ছোটখাটো কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে, এসব সমস্যা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব। বিশ্বের বহু উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন সহজ ও নিরাপদ হিসেবে এরই মধ্যে প্রমাণিত ও সফল হয়েছে।
 
 
এর ফলে কাউকে আর কষ্ট করে নগদ ক্যাশ টাকা বহন করতে হবে না এবং লেনদেন প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে বলে মন্তব্য করেন তিনি।
 
 
বাংলাদেশ ব্যাংকও আন্তর্জাতিক এই চর্চাকে দেশে সর্বজনীন করার লক্ষ্য নিয়ে কাজ করছে। ক্যাশলেস লেনদেনের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও ডিজিটাল ও আধুনিক করার সুযোগ তৈরি হবে।
 
দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক বাংলাদেশ গড়ে তোলার সরকারি উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।
 
পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট