চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

১ অক্টোবর, ২০২৬ | ১:৪৪ অপরাহ্ণ

রাজধানীর মিরপুরে অবস্থিত ঐতিহ্যবাহী রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে সম্প্রতি সংঘটিত হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থান গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে অবিলম্বে পদত্যাগের নির্দেশ দিয়েছেন তিনি।
 
 
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
 
 
গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর মিষ্টির পদত্যাগের সম্ভাবনার বিষয়টি সামনে আসে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
 
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগেই কঠোর বার্তা দেওয়া হয়েছিল যে, এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তির রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এমনকি কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলেও ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছিল।
 
 
এছাড়া মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগ ছিল। তিনি ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ আছে।
 
 
এসব অভিযোগের কারণে তার রাজনৈতিক ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নও তৈরি হয়েছিল।
 
পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট