বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কোনো ধরনের যাচাই-বাছাই না করে হুট করে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ব্যবসায়ীরা আবারও সরকারের কাছে ভোজ্যতেলের দাম বাড়ানোর নতুন প্রস্তাব দেয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বৃদ্ধির দাবি জানালেও, সরকার বুঝে-শুনে ও পরিস্থিতি যাচাই করে সিদ্ধান্ত নেবে।’
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির নেতিবাচক প্রভাব যাতে দেশি ও বিদেশি বিনিয়োগের ওপর না পড়ে, সে বিষয়ে বর্তমান সরকার অত্যন্ত সতর্ক রয়েছে এবং বিশেষ নজর রাখছে।
এর আগে সকালে ‘সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট সদরে সুরমা নদীর ডানতীরের কানিশাইলে নদী তীর প্রতিরক্ষা কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।
পূর্বকোণ/পারভেজ

















