২০২৭ সালের আন্তর্জাতিক মাতৃভাষা পদকের জন্য আবেদন ও মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। অনিবার্য কারণে সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আইএমএলআই)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ‘আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক ২০২৭’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক ২০২৭’ দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুমোদন ও নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী এ পদক দেওয়া হবে।
জাতীয় পর্যায়ে বাংলাদেশের নাগরিক বা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক পর্যায়ে বিদেশি নাগরিক বা প্রতিষ্ঠানকে পদকের জন্য মনোনয়ন দেওয়া যাবে। জাতীয় ও আন্তর্জাতিক—দুই ক্যাটাগরিতে দুটি করে মোট চারটি পদক দেওয়া হবে।
প্রতিটি পদকের সঙ্গে ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র এবং বাংলাদেশি মুদ্রায় চার লাখ টাকার সমপরিমাণ মার্কিন ডলার দেওয়া হবে।
মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও প্রচার-প্রসারে বিশেষ অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠান এ পদকের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া মাতৃভাষা চর্চা ও সংস্কৃতি, মাতৃভাষা নিয়ে গবেষণা এবং মাতৃভাষা রক্ষায় ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবনে উল্লেখযোগ্য অবদানের জন্যও মনোনয়ন দেওয়া যাবে। প্রকাশিত মানসম্মত গ্রন্থের মাধ্যমে মাতৃভাষা চর্চা ও সংস্কৃতিতে অবদানের প্রমাণও আবেদনের সঙ্গে দিতে হবে।
মাতৃভাষা ও বিদেশি ভাষার মধ্যে অনুবাদ কিংবা অন্য ভাষার গ্রন্থ বাংলায় অনুবাদে উল্লেখযোগ্য অবদানও পদকের জন্য বিবেচনা করা হবে। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একবার পদক পাওয়ার পর দ্বিতীয়বার এ পদকের জন্য বিবেচিত হবে না। মরণোত্তরও এ পদক দেওয়া হবে না।
আবেদন করতে হবে নির্ধারিত ফরমে। ফরমটি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। আবেদনকারীকে তিন সেট হার্ডকপি সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।
৩০ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে আবেদন পৌঁছাতে হবে অতিরিক্ত পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, ১/ক, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ ঠিকানায়। একই সঙ্গে আবেদনের সফট কপি নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে হার্ডকপির পাশাপাশি সফট কপি না পাঠালে আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ, ভুল তথ্যযুক্ত বা ত্রুটিপূর্ণ আবেদনও বাতিল বলে গণ্য হবে।
পূর্বকোণ/রাকিব

















