যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। উদ্ধার হওয়া ২৬টি স্বর্ণের বারের মোট ওজন ৩ কেজি ৪৩৮ গ্রাম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের প্রস্তুতি চলছে—এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। পরে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হলে রিপন হোসেনের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। অভিযানে পাচারে ব্যবহৃত আরও একটি মোটরসাইকেলসহ মোট দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।
আটক রিপন হোসেন শার্শা উপজেলার বসতপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান নিরোধ আইনে মামলা করা হয়েছে। বুধবার সকালে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পল্লবী

















