বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে—এ বিষয়ে তিনি ‘১২০ শতাংশ’ নিশ্চিত বলে মন্তব্য করেছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তারেক রহমানের ভারত সফরের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, সফরের মাস বা তারিখ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে দুই দেশের সরকারই সফরটি যথাযথ প্রস্তুতির মাধ্যমে আয়োজন করতে চায়। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই বলেও জানান তিনি।
ভারতের হাইকমিশনার বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাতের বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই। উভয় নেতার জন্য সুবিধাজনক সময়ে বৈঠকটি আয়োজনের সুযোগ তৈরি করতে হবে।
বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন বিষয়ে চ্যালেঞ্জ রয়েছে বলেও স্বীকার করেন দীনেশ ত্রিবেদী। তার ভাষায়, দুই দেশের মধ্যে পানি, বাণিজ্য, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের যোগাযোগ রয়েছে। পারস্পরিক নির্ভরশীলতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
তার মতে, প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি হতে পারে এবং বিদ্যমান কিছু সমস্যার সমাধানের পথও খুঁজে পাওয়া সম্ভব।
তবে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর বা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান।
পূর্বকোণ/পল্লবী

















