চট্টগ্রাম বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৬ | ১:৪২ অপরাহ্ণ

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তত তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া পুলিশের একটি গাড়ি ও উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু ভাঙচুর করা হয়েছে।
 
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে এ ঘটনার সূত্রপাত হয়।
 
 
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করতে যান সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সঙ্গে ছিল পুলিশ।
 
একপর্যায়ে ফুটপাতের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা সিটি করপোরেশনের গাড়িতে হামলা চালান। ভাঙচুর করেন। আগুন ধরিয়ে দেন।
 
দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর আইডিয়াল কলেজের সামনে ফুটপাতের ব্যবসায়ীদের একটি দলকে অবস্থান করতে দেখা যায়। অন্যদিকে মিরপুর–১০ নম্বর গোলচত্বর এলাকায় অবস্থান নেয় পুলিশ। 
 
 
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘটনাস্থলে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। সিটি করপোরেশনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। হামলায় পুলিশ সদস্য ও সাংবাদিকেরা আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
 
পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট