চট্টগ্রাম বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:১৬ পূর্বাহ্ণ

বোয়িং কেনা হয়েছে একটি উন্মুক্ত পরিবেশে স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমেই। আমাদের চাহিদা অনুযায়ী আমরা বোয়িং কিনেছি। এখানে কোনো গোপন এজেন্ডা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
 
সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুমায়ুন কবির এ কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, অ্যাভিয়েশন হাব হতে হলে আমাদের বিমানের বহর সম্প্রসারণ করতে হবে। এখানে অন্য কোনো গোপন এজেন্ডা নেই। বাংলাদেশ সম্পূর্ণ প্রয়োজনের ভিত্তিতেই এটি করছে। আমাদের বহর সম্প্রসারণ করা প্রয়োজন।
 
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত সফরকে ‘সফল ও অর্থবহ’ বলে অভিহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
 
তিনি জানান, নিউইয়র্কে চার দিনের সফরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্যাপক সম্পৃক্ততা ছিল। 
 
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকালেই আরও ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
 
এর আগে গত এপ্রিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য ১৪টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। দুই পক্ষের দেওয়া ঘোষণা অনুযায়ী, এটি ছিল বিমানের ইতিহাসের সবচেয়ে বড় ক্রয়াদেশ, যার অর্থমূল্য ৩.৭ বিলিয়ন ডলার।
 
পূর্বকোণ/প্রান্ত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট