হাম-ডেঙ্গু প্রতিরোধে সবাইকে যুদ্ধ ঘোষণা করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রামক রোগ মোকাবিলায় সরকারকে সবসময় সতর্ক থাকতে হয়। ২০২০ সালের পর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত টিকাদান কর্মসূচি বন্ধ থাকায় দেশে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছিল।
তিনি বলেন, টিকা সংগ্রহে ইউনিসেফের ডেলিগেটেড ওয়েতে সরাসরি কেনাকাটার পরিবর্তে আগের সরকার ওপেন টেন্ডার ব্যবস্থায় যেতে চেয়েছিল। বিদেশি সংস্থাগুলোর অনুরোধ উপেক্ষা করায় টিকা সংগ্রহে সময়ক্ষেপণ হয়। ফলে চার বছরের ঘাটতির খেসারত বর্তমান সরকারকে দিতে হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এ সময়ে ১ কোটি ৮৫ লাখ ৮৩৩ জন রোগী আক্রান্ত হন এবং প্রায় এক হাজার শিশুর মৃত্যু হয়। একটি শিশুর মৃত্যুও অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এর ফলে অনেক মায়ের বুক খালি হয়েছে।
তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর ৫ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি শুরু করা হয়। প্রথম পর্যায়ে ইউনিসেফের নির্ধারিত তিন ধাপে ১৮ জেলায় কার্যক্রম পরিচালিত হয়। পরে ঢাকা ও আরও দুটি বড় সিটি করপোরেশনকে এর আওতায় আনা হয়। ৪ মে থেকে সারাদেশে কর্মসূচি শুরুর কথা থাকলেও তা এগিয়ে এনে ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান শুরু করা হয়।
এ কর্মসূচির আওতায় ১ কোটি ৮৫ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, হাম আক্রান্ত শিশুদের মধ্যে পুষ্টির ঘাটতিও দেখা গেছে।
পূর্বকোণ/নুসরাত

















