চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

প্রাথমিক অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক

প্রাথমিক অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক

অনলাইন ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:০৪ অপরাহ্ণ

নতুন করে দেশে চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমোদন দিতে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ। একই সঙ্গে আগে প্রাথমিক অনুমোদন পাওয়া কড়ি ডিজিটাল ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এলওআই পাওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ব্যাংকগুলো কার্যক্রম শুরু করতে পারবে।
 
 
 
বুধবার (২৪ সে‌প্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিজিটাল ব্যাংকের বিষয়টি অনুমোদন করা হয়।
 
 
 
প্রাথমিক অনুমোদন পাওয়া চারটি ব্যাংক হলো—ডিজিটাল ব্যাংকিং অব ভুটান, বিকাশ ডিজিটাল ব্যাংক, নোভা ডিজিটাল ব্যাংক ও বুস্ট ডিজিটাল ব্যাংক।
 
 
 
ডিজিটাল ব্যাংকিং অব ভুটানের উদ্যোক্তা ভুটানের ডিকে ব্যাংক। বিকাশ ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের শেয়ারধারীরা। নোভা ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন ও স্কয়ার গ্রুপ। আর বুস্ট ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা মোবাইল অপারেটর রবি আজিয়াটার মূল প্রতিষ্ঠান আজিয়াটা লিমিটেড।
 
 
 
এর আগে প্রাথমিক অনুমোদন পাওয়া কড়ি ডিজিটাল ব্যাংককেও এখন এলওআই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে এলওআই পাওয়ার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও শর্ত পূরণ সাপেক্ষে মোট পাঁচটি ডিজিটাল ব্যাংকের কার্যক্রম শুরুর পথ তৈরি হলো।
 
 
 
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য আবেদন আহ্বান করা হয়। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন নেওয়া হয়েছিল। ওই সময়ে মোট ১৩টি প্রতিষ্ঠান আবেদন করে।
 
 
 
আবেদন করা প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তাদের মধ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী, ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান, মোবাইল অপারেটর এবং এমএফএস প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তারা ছিলেন।
 
 
 
তবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিক্ষোভসহ বিভিন্ন কারণে অন্তর্বর্তী সরকারের সময়ে এসব আবেদনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আহসান এইচ মনসুর।
 
 
 
সরকার পরিবর্তনের পর আহসান এইচ মনসুর-কে সরিয়ে মোস্তাকুর রহমান-কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর নতুন করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন আহ্বান করা হয়নি। আগের সময়ে জমা পড়া ১৩টি আবেদনের মধ্য থেকেই যাচাই-বাছাই করে চারটি প্রতিষ্ঠানকে প্রাথমিক অনুমোদনের জন্য নির্বাচন করা হয়েছে।
 
 
 
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে দেশে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের প্রক্রিয়া নতুন গতি পেল। তবে ব্যাংকগুলোকে এলওআই পাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্ত ও অন্যান্য আনুষ্ঠানিকতা পূরণ করতে হবে। এরপরই চূড়ান্তভাবে কার্যক্রম শুরু করতে পারবে প্রতিষ্ঠানগুলো।
 
 
 
পূর্বকোণ/আদর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট