বিএনপি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মীর শাহে আলম, তারেক রহমানের সরকার জনগণের সরকার। সেজন্য তিনি সিগনেচার কিছু প্রজেক্ট আপনাদের জন্য দিয়েছেন, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। ৪ কোটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। কার্ডের জন্য কাউকে ঘুষ দেওয়ার দরকার নেই। এই কার্ড পর্যায়ক্রমে সবাই পাবে। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলির কার্ড পাবেন। এটি বিএনপি সরকারের সিদ্ধান্ত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যাদুর্গতদের পুনর্বাসনে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। চট্টগ্রাম জেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী আরও বলেন, একবারে হতদরিদ্ররা প্রথম ফ্যামিলি কার্ড পাবেন। এরপর নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত। একবারে চার বছরের শেষ সময়ে গিয়ে পাবেন মন্ত্রী, প্রধানমন্ত্রীর স্ত্রী অর্থাৎ ফ্যামিলিরা।
দলের নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, দীর্ঘ সময় পর বিএনপি ক্ষমতায় এসেছে। দলের দুঃসময়ে যারা কাজ করেছেন, পর্যায়ক্রমে তাদের মূল্যায়ন করা হবে। আইন ও বিধি মেনে চাকরি, বৈধ ডিলারশিপ ও বিভিন্ন কাজের সুযোগ দেওয়ার কথাও জানান তিনি।
এ সময় চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীমসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/মিফতা

















