চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

এমপি গাজী নজরুল ফের চার দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:০২ অপরাহ্ণ

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় আবারও রিমান্ডে নেওয়া হয়েছে। এবার তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রথম দফার রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন আসামি গাজী নজরুল ইসলামকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে হাজির করে আবারও রিমান্ড চেয়ে আবেদন করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, চার দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা আজ আবারও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন জানিয়েছেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামি পক্ষ থেকে রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন জানানো হয়। তবে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন তাঁর বাবা এস এম মাসুম বিল্লাহ।

পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনে গাজী নজরুল ইসলামের চার দিন ও মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেদিন রাতেই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রিমান্ড শেষে মাকছুদা বেগমকে ২২ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়েছে। আর নজরুল ইসলামকে চার দিনের রিমান্ড শেষে আজ আবার রিমান্ড চেয়ে আবেদন করেছে।

 

পূর্বকোণ/প্রান্ত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট