কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে শিশু কুঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় রাশেদ খান বলেন, বর্তমান সরকারের আমলে রাষ্ট্র সংস্কার না হলে আর কখনোই রাষ্ট্র সংস্কার হবে না। সরকার সংস্কারের পথে রয়েছে। কিন্তু সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামাচ্ছে। তিনি আরও বলেন, জামায়াত আমিরের বক্তব্যের মাঝে শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে। সরকারকে বেকায়দায় ফেলতে ৭১ এর ঘাতক শক্তি ও ২৪ এর পরাজিত পলাতক শক্তি দেশ অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
রাশেদ খান আরও বলেন, জামায়াত কখনো সংসদে বিরোধী দল হতে পারেনি। এবার তারা বিরোধী দল হয়েছে এবং সংসদে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। ছায়া মন্ত্রিসভার কাজ সরকারের সহযোগিতা করা ও যৌক্তিক সমালোচনা করা হলেও জামায়াতের নেতৃত্বে গঠিত ছায়া মন্ত্রিসভা সরকারের বিরোধিতা করছে।
এর আগে সকালে ঝিনাইদহ শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাশেদ খান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/নুসরাত

















