সরকারি হাসপাতালগুলোতে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের জন্য ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এমবিবিএস ও বিডিএস বা সমমানের ডিগ্রিধারীরা আগামী ১ অক্টোবরের সকাল থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ পরীক্ষার ফি নির্ধারণ রয়েছে ২০০ টাকা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় নভেম্বর ধরে বিশেষ এ বিসিএসের বিজ্ঞপ্তি জারি করেছে পিএসসি।
এ পরীক্ষার মাধ্যমে বিসিএস স্বাস্থ্য ক্যাডারভুক্ত ৪ হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।
প্রার্থী বাছাই করা হবে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের দক্ষতাভিত্তিক মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে।
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীতে পৃথক পৃথকভাবে ২০ নম্বর করে থাকবে আর মানসিক দক্ষতা গাণিতিক যুক্তিতে থাকবে ১০ নম্বর করে। আর ক্যাডার সংশ্লিষ্ট বিষয়ে থাকবে আরও ১০০ নম্বরের প্রশ্ন।
এর আগে গতবছরের ২৬ নভেম্বর সবশেষ ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। সাধারণ এ বিসিএসের লিখিত পরীক্ষার ফলও প্রকাশ হয়েছে; তাতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন চাকরিপ্রত্যাশী।
৪৯তম বিসিএস ছিল বিশেষ; সেখানে সরকারি কলেজে ৬৮৩ শিক্ষক নিয়োগের ব্যবস্থা করে পিএসসি।
সবশেষ স্বাস্থ্য ক্যাডারে বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় ৪৮তম বিসিএসে। তিন হাজারের বেশি চিকিৎসক নিয়োগ দেওয়া হয় সেবার।
গতবছর ১১ সেপ্টেম্বর ৩ হাজার ১২০ প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সহকারী সার্জন পদে ২৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন সাময়িক মনোনয়ন পেয়েছিলেন।
পূর্বকোণ/প্রান্ত

















