জ্বালানি তেলের দাম বাড়ানো এবং সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চালুর কারণে মূল্যস্ফীতি কমানো কঠিন হতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার মুদ্রানীতি কমিটির (এমপিসি) ১৪তম সভায় এ কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান।
মূল্যস্ফীতি
আগস্টে দেশে মূল্যস্ফীতি ছিল ৮.২৬ শতাংশ, জুলাইয়ে ছিল ৮.৩২ শতাংশ। অর্থাৎ হার কিছুটা কমছে, তবে ২০২৬-২৭ অর্থবছরের ৭.৫০ শতাংশ লক্ষ্যমাত্রা থেকে এখনো অনেক দূরে।
তেলের নতুন দাম
২১ সেপ্টেম্বর থেকে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে ২০ টাকা করে বেড়েছে:
ডিজেল: ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা
পেট্রোল: ১৪০ থেকে বেড়ে ১৬০ টাকা
অকটেন: ১৪৫ থেকে বেড়ে ১৬৫ টাকা
কেরোসিন: ১৩৫ থেকে বেড়ে ১৫৫ টাকা
সরকার বলছে, মধ্যপ্রাচ্যের সংঘাতে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে দাম ও পরিবহন খরচ বেড়েছে, চাপ বেড়েছে ভর্তুকিতেও। কম দামের কারণে সীমান্ত দিয়ে তেল পাচারের ঝুঁকিও ছিল। এ বছর এটি তৃতীয় বড় দাম সমন্বয়।
নতুন পে-স্কেল
১ জুলাই থেকে চালু হওয়া কাঠামোয় ২০তম গ্রেডের মূল বেতন ৮,২৫০ থেকে বেড়ে ২০,০০০ টাকা এবং ১ম গ্রেডের ৭৮ হাজার থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। তবে বাড়তি অংশ ধাপে ধাপে মিলবে:
জুলাই-ডিসেম্বর ২০২৬: ৯ম গ্রেড ও ওপরে ৪০%, ১০ম-২০তম গ্রেডে ৫০%
জানুয়ারি-জুন ২০২৭: যথাক্রমে ৭০% ও ৭৫%
১ জুলাই ২০২৭ থেকে পূর্ণ হারে সুদহার আপাতত অপরিবর্তিত
এসব সিদ্ধান্তের প্রভাব জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতিতে কেমন পড়ে, তা দেখে নীতি সুদহার নিয়ে সিদ্ধান্ত নেবে কমিটি। ততদিন সুদহার ৯.৫০ শতাংশেই থাকছে। ৩০ জুলাইয়ের সভায় এটি ১০ শতাংশ থেকে কমানো হয়েছিল, যা ২ আগস্ট থেকে কার্যকর হয়।
পূর্বকোণ/আদর/পারভেজ

















