মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের সাথে দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্কের প্রতি গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের খাদেম কিং সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বার্তায় সৌদি রাষ্ট্রদূত বলেন, জাতীয় দিবস সৌদি নাগরিকদের জন্য একটি গর্বের মুহূর্ত। এদিন তারা দেশটির প্রতিষ্ঠাতা কিং আবদুল আজিজ বিন আবদুর রহমান আল সৌদের নেতৃত্বে একীভূত হওয়ার ঐতিহাসিক যাত্রা এবং আধুনিক সৌদি আরব গঠনের অর্জনগুলো স্মরণ করেন।
তিনি বলেন, সৌদি আরব বর্তমানে উন্নয়নের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটি সৌদি ভিশন ২০৩০-এর উচ্চাভিলাষী লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।
রাষ্ট্রদূত বলেন, অর্থনীতির বহুমুখীকরণ, বিনিয়োগ, পর্যটন, সংস্কৃতি, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জীবনমান উন্নয়নের ক্ষেত্রে সৌদি আরব ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এসব অর্জন সৌদি জনগণের দৃঢ় সংকল্প ও উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন।
তিনি বলেন, এবারের জাতীয় দিবসের প্রতিপাদ্য ‘আমাদের গর্ব আমাদের প্রকৃতিতে’ সৌদি সমাজের ঐতিহ্যবাহী মূল্যবোধ—উদারতা, আতিথেয়তা, দৃঢ়তা, ঐতিহ্য ও জাতীয় পরিচয়ের গর্বকে তুলে ধরে।
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব বাংলাদেশের জনগণের সঙ্গে দীর্ঘদিনের ও বিশেষ সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে। দুই ভ্রাতৃপ্রতিম দেশের সম্পর্ক পারস্পরিক সম্মান, বন্ধুত্ব ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে এবং বিভিন্ন ক্ষেত্রে তা আরও বিকশিত হচ্ছে।
তিনি আরও বলেন, জাতীয় দিবস উদযাপনের এই মুহূর্তে সৌদি আরবের অগ্রগতি, সমৃদ্ধি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হচ্ছে। একইসঙ্গে ভবিষ্যতের আরও উজ্জ্বল সম্ভাবনার দিকে আত্মবিশ্বাস ও আশাবাদ নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বার্তার শেষে রাষ্ট্রদূত সৌদি আরবের নিরাপত্তা, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও টেকসই উন্নয়ন কামনা করেন।
পূর্বকোণ/রাকিব/পারভেজ

















