চট্টগ্রাম মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

লংমার্চে গিয়ে গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী

লংমার্চে গিয়ে গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী

অনলাইন ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১৫ অপরাহ্ণ

জ্বালানি সংকটকালে সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চে যাওয়া বিরোধী দলের কিছু গাড়ি টোল পরিশোধ করেনি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

 

রিজভী বলেন, জ্বালানি সংকটের মধ্যেই সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চে গিয়েছিল বিরোধী দল। বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপট জানা থাকা সত্ত্বেও তারা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এই কর্মসূচি নিয়েছে। এমনকি যাত্রাপথে বহু গাড়ির টোলও পরিশোধ করা হয়নি বলে তিনি জানান।

 

জ্বালানি তেলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের বেশিরভাগ তেল আসে হরমুজ প্রণালী দিয়ে। মূল্য সমন্বয়ের পরও সরকারকে প্রতি ব্যারেলে ৭০ টাকা ভর্তুকি দিতে হচ্ছে, তা সত্ত্বেও বিরোধী দল জনগণকে বিভ্রান্তকর তথ্য দিয়ে চলেছে।

 

আগের সরকারের আমলের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, শেখ হাসিনার শাসনামলে গুম, খুন ও গণমাধ্যম নিয়ন্ত্রণের ঘটনা ঘটেছিল। বিরোধীরা কি ফের সেই পথেই হাঁটতে চাইছে বলে— প্রশ্ন তোলেন তিনি।

 

তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, যার পেছনে কেবল পতিত স্বৈরাচারই নয়, বরং সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টাও রয়েছে।

 

জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের কোনো ভূমিকা নেই এবং তাদের নীতি-নৈতিকতার অভাব রয়েছে। তিনি বলেন, তারা মুনাফেকি করছে, যা কাফেরের চেয়েও নিকৃষ্ট। বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেও তারা চূড়ান্ত সফলতা অর্জন করতে পারেনি।

 

সবশেষে বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, অপপ্রচারের বেষ্টনীর মধ্যে থেকেও ন্যায়ভিত্তিক সরকারের কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট