সাতক্ষীরার শ্যামনগরে সাবেক জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে দাফন করা হয়েছে। সোমবার রাত পৌনে ১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে তার বাবা মাসুম বিল্লাহর পৈতৃক ভিটায় এই দাফন সম্পন্ন হয়। এর কিছু সময় আগে, রাত ১১টা দিকে মরিয়মের মরদেহ নিয়ে যাওয়া হয় তার নিজ বাড়িতে।
ঢাকা থেকে দুপুরে যাত্রা শুরু করে মরদেহবহনকারী অ্যাম্বুলেন্সটি রাত সাড়ে ১০টার দিকে পৌঁছায় নীলডুমুর খেয়াঘাটে। সেখান থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে মরদেহ নেওয়া হয় তার পিতা মাসুম বিল্লাহর বাড়িতে।
জানাজার নামাজে ইমামতি করেন স্থানীয় মসজিদের ইমাম নুরুল হুদা। জানাজায় মরিয়মের বাবা মাসুম বিল্লাহ ছাড়াও পরিবারের ঘনিষ্ঠজন এবং প্রতিবেশী ২০ থেকে ২৫ জন মুসল্লি উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যভাবে, এমপি গাজী নজরুল ইসলামের পরিবারের কাউকে জানাজায় দেখা যায়নি।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) অনিরুদ্ধ এবং পুলিশের আরও কয়েকজন সদস্য।
জানা গেছে, গত রবিবার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি নির্ধারিত ফ্ল্যাট থেকে পুলিশ মরিয়মের মরদেহ উদ্ধার করে। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
পূর্বকোণ/আদর
















