দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন হারে ঝুঁকি ভাতা নির্ধারণ করেছে সরকার। কর্মচারীদের চাকরির মেয়াদ ও গ্রেডের ভিত্তিতে এই ভাতার হার বাড়ানো হয়েছে। নতুন এই সিদ্ধান্ত আগামী ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা পরবর্তীতে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। ২০১৮ সালের ২০ আগস্ট নির্ধারিত পুরনো ভাতার হার সংশোধন করে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১০ম গ্রেডের কর্মচারীরা চাকরির মেয়াদ ৫ বছর বা তার কম হলে মাসে ৩,২৪০ টাকা করে ঝুঁকি ভাতা পাবেন, যা আগে ছিল ২,৭০০ টাকা। ১১তম গ্রেডে ২,৬৪০ টাকা, ১২তম গ্রেডে ২,৫২০ টাকা এবং ১৩তম গ্রেডের কর্মচারীরা পাবেন ২,২৮০ টাকা।
এছাড়া ১৪তম থেকে ১৮তম গ্রেডের কর্মচারীদের জন্য সর্বনিম্ন ১,৬৮০ টাকা থেকে শুরু করে চাকরির বয়সভেদে সর্বোচ্চ ৪,৫৬০ টাকা পর্যন্ত ভাতার সুযোগ রাখা হয়েছে। ১৯তম গ্রেডের কর্মচারীরা পাবেন ১,৫৬০ থেকে ৩,২৪০ টাকা এবং ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১,৪৪০ টাকা থেকে সর্বোচ্চ ৩,১২০ টাকা।
পূর্বকোণ/ঐশী
















