দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমের সাত দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুদ্দোহা সরকার আদালতে এ রিমান্ড আবেদন করেন।
দুপুর ২টা ২২ মিনিটে পুলিশের একটি গাড়িতে করে আসামিদের আদালতের হাজতখানায় আনা হয়।
এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত জুন মাসে মরিয়মের সঙ্গে জি এম নজরুল ইসলামের ইসলামী শরিয়া অনুযায়ী বিয়ে হয়। বিয়ের পর থেকেই নজরুল ও মাকছুদা বিভিন্ন বিষয় নিয়ে মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। নজরুল শেরেবাংলানগর থানা এলাকার মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের (ভবন নম্বর-৫, ফ্ল্যাট-২০৩) বাসায় থাকতেন। একই বাসায় তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও থাকতেন।
আজ দুপুরে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এক কর্মকর্তা বলেন, গাজী নজরুল ও মাকছুদাকে আদালতে পাঠানো হয়েছে। এই মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরিয়মের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/মিফতা
















