চট্টগ্রাম রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

সাম্য-সম্প্রীতির বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি: সংস্কৃতিমন্ত্রী

সাম্য-সম্প্রীতির বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি: সংস্কৃতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:১২ অপরাহ্ণ

বৈষম্য দূর করে সমাজে সাম্য প্রতিষ্ঠাই বিএনপির মূল রাজনৈতিক লক্ষ্য বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, সাম্প্রদায়িকতা মুক্ত ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি। রবিবার (২০ সেপ্টেম্বর) পাবনার হিমাইতপুর সৎসঙ্গ আশ্রমে মানবতার সাধক শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত মহোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রবিবার মহোৎসবের দ্বিতীয় দিনের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী দেশের হাজার বছরের প্রাচীন ইতিহাস ও সংস্কৃতি রক্ষায় বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিগত দিনে পতিত সরকার নানা অপসংস্কৃতি ও নোংরামির মাধ্যমে দেশের ঐতিহ্যকে নষ্ট করার অপচেষ্টা চালিয়েছিল। বর্তমান সরকার সেই সংস্কৃতির ধারাকে পুনরুজ্জীবিত ও আরও গতিশীল করতে কাজ করে যাচ্ছে।

এ সময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন ও বাণীর তাৎপর্য তুলে ধরে নিতাই রায় বলেন, ঠাকুর কোনো নির্দিষ্ট জাত বা পাতের ভেদাভেদে বিশ্বাস করতেন না। তাঁর প্রতিটি উপদেশ ছিল মানবকল্যাণের পক্ষে। বিশ্বজুড়ে আজ তার অনুসারী ও ভক্তরা যে বন্দনা করছেন, তার মূল কারণ তাঁর সার্বজনীন মানবতাবাদী দৃষ্টিভঙ্গি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, ধর্ম, বর্ণ বা রাজনীতির ঊর্ধ্বে উঠে ঠাকুর অনুকূলচন্দ্র মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করেছেন। তাঁর আদর্শ আজও সমাজে এক উজ্জ্বল অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি আরও যোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক বিভাজন দেখতে চান না। সকলের মধ্যে সম্প্রীতি ও অটুট ঐক্য গড়ে তোলাই সরকারের মূল উদ্দেশ্য।

সৎসঙ্গ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব মাসুদ খন্দকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট