চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায়, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৮৭ কোটি টাকা। রবিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা মোট ১৮৭ কোটি ৭০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় এবার ৮০ লাখ ডলার বেশি প্রবাসী আয় এসেছে।
এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৭০ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। এরপর আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।এর আগে ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে দেশে ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। আর ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
পূবর্কোণ/আরআর

















