চট্টগ্রাম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের একমাত্র ছেলে

অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৫৬ পূর্বাহ্ণ

কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে ১৩ বছর বয়সী ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান।

এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৩টায় সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতীম। এরপর সে আর বাসায় ফেরেনি।

নিখোঁজ ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম সিটি করপোরেশনের কোটবাড়ী গন্ধমতি এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের কে এম ফিরোজ শাহরিয়ারের ছেলে। সে বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

এদিকে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের মা ড. নাহিদা বেগম ফেসবুকের এক পোস্টে লিখেছেন, ‘আমার ছেলেকে আমি বিকেল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতীম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে।

হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা ছিল গায়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি।

ফোন নম্বর ট্র্যাক করে পাওয়া যায়নি। সম্ভবত ফোন ওর সঙ্গে নাই। ফেসবুক আইডি যে ফোনে সেটা বাসায় রেখে গেছে। আপডেট থাকলে জানাব। আপনারা দয়া করে চেষ্টা করেন।’ তিনি যোগাযোগের জন্য এই নম্বরটি যুক্ত করেছেন (০১৯৭৪৮৮৮৬৬৫)

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল হাসান বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা সম্ভাব্য সব জায়গার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছি, আরো কিছু বাকি আছে তা সংগ্রহ করার চেষ্টা চলছে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, কয়েকটি দোকানে ঘোরাঘুরি করেছে। তার হাতে থাকা ফোনের নম্বরটি শেষ লোকেশন কোথায় বন্ধ হয়েছে, তা যাচাই-বাছাই করছি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট