চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

অনলাইন ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৪:৩৮ অপরাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রীর দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের সই করা চিঠিটি বিএফআইইউর পরিচালক বরাবর পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, শেল কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ ও অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

সেহিসেবে আসিফ মাহমুদ, তার স্ত্রী আয়েশা আক্তার পান্না এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানির নামে থাকা ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সব ধরনের হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

এ ছাড়া চলমান, বন্ধ ও সুপ্ত ব্যাংক হিসাবের পাশাপাশি ডেবিট-ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্য ও রেকর্ডপত্র সরবরাহ করতে বলা হয়েছে।

দুদকের চিঠিতে আসিফের পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, বিনিয়োগ, ব্যাংক হিসাব, অর্থপাচার ও শেল কোম্পানি গঠনের অভিযোগ-সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের কথাও বলা হয়েছে। এসব দেশের সংশ্লিষ্ট আর্থিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য সংগ্রহের অনুরোধ করেছে দুদক।

এর আগে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানায় দুদক। সংস্থাটি জানিয়েছে, বিষয়টি এখনও অনুসন্ধান পর্যায়ে রয়েছে; অনুসন্ধান শেষ হওয়ার আগে অভিযোগগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ। গত ১৩ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগগুলো প্রত্যাখ্যান করেন এবং অনুসন্ধানে আইনগতভাবে সহযোগিতা করবেন বলে জানান।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট