চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

দুই বাসের চাপায় প্রাণ হারালেন মাইলস্টোনের শিক্ষিকা

অনলাইন ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৫৩ পূর্বাহ্ণ

রাজধানীর বনশ্রীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই বাসের চাপায় পিষ্ট হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকার নাম তাসপিয়া আহমেদ তিসা (৩১)। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখার শিক্ষক ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়। তিনি পরিবারের সঙ্গে খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় বসবাস করতেন।

নিহতের ভাই এনাম আহমেদ জানান, তাসপিয়া তার পেশাগত কাজে বাসা থেকে বের হয়েছিলেন। সন্ধ্যায় তারা খবর পান, ফরাজী হাসপাতালের সামনে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে দুই বাসের চাপায় তিনি প্রাণ হারিয়েছেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, রমজান পরিবহন ও অন্য আরেকটি বাসের চাপায় পড়ে ঘটনাস্থলেই তাসপিয়া আহমেদ মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাত ৯টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই অনয় চন্দ্র পাল আরো জানান, ঘটনার পরপরই রমজান পরিবহনের একটি বাসসহ দুর্ঘটনাকবলিত দুটি বাসই জব্দ করা হয়েছে। একইসঙ্গে বাস দুটির চালক ও হেলপারদের আটক করেছে পুলিশ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট