চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

যানজট নিরসনে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যানজট নিরসনে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:২৬ অপরাহ্ণ

ঢাকায় যানজট নিরসনে সরকার অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, যেগুলো বাস্তবায়নে সময় লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা শহরের মেগা প্রজেক্টের কারণে উদ্ভূত যানজট রোধ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি এই সমস্ত সমন্বয়ের জন্য। যেমন বাস স্ট্যান্ডগুলো আমরা শিফটিং করছি। গ্যাপ টাইমের মধ্যে বাসগুলো কোথায় থাকবে সেই সিদ্ধান্ত দিয়েছে এবং সেটার একটা ডেভেলপমেন্ট হয়েছে। মহাখালী বাস স্ট্যান্ড নিয়ে, ফুলবাড়িয়াটা নিয়ে এবং আমরা এই বাস স্ট্যান্ডগুলো শহরের বাইরে নিয়ে যাব, সেই জায়গা নির্ধারণ করা হয়েছে। সেগুলো অ্যাকুইজিশন হবে, ডেভেলপমেন্ট হবে, এগুলো সারফেসে আসছে। দৃশ্যমান হতে কিছু সময় লাগবে। কিন্তু আমরা পরিকল্পনাটা এখন ফাইনালাইজ করছি।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ মাঝেমধ্যে তাদের কিছু কিছু অপতৎপরতা চালায়, সেটা দৃশ্যমান। তার অংশ হিসেবে ফজরের নামাজের পরেও মাঝেমধ্যে দুই একটা মিছিল করে ভিডিও-টিডিও করে, সেটা আমরা দেখেছি অল্পসংখ্যক লোক নিয়ে।

 

তিনি বলেন, গুলশানে যেটা হয়েছে দিনের বেলা ১১টার সময় জুমার নামাজ আদায় করার নাম দিয়ে ওখানে কিছু লোক জড়ো হয়ে হয়ত মিছিল করেছে। এখানে আমরা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করেছি। হয়ত আমাদের গোয়েন্দা তথ্য ছিল কিন্তু আমাদের পুলিশ বাহিনী শুক্রবারে আন্দাজ করতে সক্ষম হয়নি। ওই এলাকায় জুমার নামাজ পড়তে এসে তারা এরকম একটা কিছু করতে পারে। সেটাকে ব্যর্থতা বলার কোনো সুযোগ নেই, আমরা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করেছি।

 

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন আইন অনুসারে চলে। সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের দুটা দায়িত্ব। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা, রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠান করা। এর বাইরে বলা আছে, আইনে প্রদত্ত অন্যান্য দায়িত্ববলি প্রদান, পালন করা, নির্বাচন সংক্রান্ত।

 

তিনি বলেন, স্থানীয় সরকার আইন অনুসারে স্থানীয় সরকারগুলোর নির্বাচন অনুষ্ঠান হবে। এখানে আইনের মধ্যে এমন কিছু নেই যে, সরকারের সঙ্গে আলাপ-আলোচনা ব্যতিরেকে করতে পারে। এটা সমন্বয়ের ব্যাপার। নির্বাচন কমিশন কালকে যেটা টেন্টেটিভ একটা পরিকল্পনা দিয়েছে, আমি ভিডিওটা দেখেছি। সালাহউদ্দিন আহমেদ বলেন, টেন্টেটিভ মানে হচ্ছে একটা সম্ভাব্য সূচি তারা দিয়েছে। এটাকে মিডিয়াতে একটু অন্যভাবে হয়ত স্ক্রল নিয়ে এসেছে যে, নির্বাচন কমিশন ঘোষণা করেছে এত তারিখ, এত তারিখ, এত তারিখ নির্বাচন হবে।

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট