রংপুরের পুলিশ কমিশনার আবদুল মাবুদকে সরিয়ে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার জায়গায় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মু. মাহবুবুর রশিদকে রংপুরের পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। তবে আবদুল মাবুদকে কোথায় সংযুক্ত করা হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বাংলাদেশ পুলিশ ক্যাডারের (বিসিএস পুলিশ) উচ্চপর্যায়ের একাধিক পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পূর্বে জারি করা দুই কর্মকর্তার বদলি আদেশ বাতিল করেছে সরকার।
প্রজ্ঞাপন অনুযায়ী নতুন বদলি ও পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন:
- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. আসলাম উদ্দীনকে ঢাকা পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর পদে) হিসেবে বদলি করা হয়েছে।
- নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মোহাম্মদ নুরুল আমীনকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে সংযুক্ত করা হয়েছে।
বাতিল করা বদলি আদেশ:
একই প্রজ্ঞাপনে পূর্বের দুটি বদলি আদেশ বাতিলের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়-
- ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে ঢাকার পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি সংক্রান্ত গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখের আদেশের অংশটি বাতিল করা হয়েছে।
- ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে বদলি সংক্রান্ত গত পাঁচ মে ২০২৬ তারিখের আদেশের অংশটি বাতিল করা হয়েছে।
পূর্বকোণ/আরআর
















