চট্টগ্রাম সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ভুয়া আইডি, প্রতারক গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ভুয়া আইডি, প্রতারক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২৪ আগস্ট, ২০২৬ | ৯:০১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তার দুই কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগে কারকান রানা নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

 

রবিবার (২৩ আগস্ট) বিকেলে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

পুলিশ জানায়, ওই প্রতারক প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ছাড়াও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ব্যক্তিগত সহকারী-২ আব্দুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খোলে। এসব আইডির মাধ্যমে সে অপপ্রচার এবং মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে সংশ্লিষ্টদের সম্মানহানি করে আসছিল।

 

এছাড়া আরও অনেকের নামে একাধিক ভুয়া আইডি ও পেজ তৈরির তথ্যও পেয়েছে পুলিশ। এর আগে কারকান রানার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে ভুয়া আইডিগুলোর তথ্য বিশ্লেষণ করে সাইবার পুলিশ।

 

পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ভুয়া আইডি পরিচালনায় ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন ডিজিটাল আলামত জব্দ করা হয়।

 

এ ঘটনায় রাজধানীর বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আসামিকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।

 

পূর্বকোণ/রেহেনুমা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট