জুলাই আন্দোলনের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে পুলিশভ্যানে করে তাদের হাজির করা হয়।
শ্যামল দত্ত জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক। মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক। আর ফারজানা রুপা একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক।
এই তিন সাংবাদিককে ট্রাইব্যুনালে হাজির করতে ১৭ আগস্ট নির্দেশ দেওয়া হয়েছিল। সেদিন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের বলেছিলেন, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করার নামে কিছু উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন। যে বক্তব্যের পরিপ্রেক্ষিতেই শেখ হাসিনা আন্দোলনকারীদের ‘রাজাকার’, ‘রাজাকারের বাচ্চা’, ‘রাজাকারের নাতিপুতি’ বলেছিলেন।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার আরও বলেছিলেন, সংবাদ সম্মেলনে প্রশ্ন করাই হলো সাংবাদিকদের দায়িত্ব। কিন্তু সেই আমলে দেখা গেছে, কিছু নির্দিষ্ট সাংবাদিক তৎকালীন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে উপস্থিত হতেন। তাঁরা যে বক্তব্যগুলো দিতেন, সেগুলো আসলে কোনো প্রশ্ন ছিল না। সেগুলো ছিল তৎকালীন প্রধানমন্ত্রীর প্রশংসা। তাঁকে দিয়ে কিছু কথা বলানোর জন্য কিছু উসকানিমূলক প্রস্তাব। যে কারণে এই অপরাধগুলো সংঘটিত হয়েছে।
র্পূ্বকোণ/নুসরাত

















