চট্টগ্রাম সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে: সিইসি

স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে: সিইসি

অনলাইন ডেস্ক

২৪ আগস্ট, ২০২৬ | ৪:৩৯ অপরাহ্ণ

জাতীয় নির্বাচনে যে মানদণ্ড তৈরি হয়েছে, তার চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

 

সোমবার (২৪ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত এক সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্ট্র্যাটেজিক লিডারশিপ ফর বাংলাদেশ’স লোকাল গভর্নমেন্ট ইলেকশনস— শীর্ষক সংলাপের আয়োজন করে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন টু ইলেক্টোরাল সিস্টেম। এতে নির্বাচন কমিশনের কর্মকর্তারা অংশ নেন।

 

স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে জানিয়ে সিইসি বলেন, ‘আমরা চাইব বেটার করার। ওই স্ট্যান্ডার্ড আমরাই সেট করেছি। ওই স্ট্যান্ডার্ডের নিচে তো আমরা যেতে পারি না। যদি পারি, বেটার করব।’

 

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা পেলে কোনো অসুবিধা হবে না জানিয়ে তিনি বলেন, ‘কারণ আমাদের তো অনেক লেসন, শিক্ষা হলো। সেই অনুযায়ী আমরা মনে করি অসুবিধা হবে না।’

 

স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা একটু বেশি হয় জানিয়ে সিইসি বলেন, ‘আমরা চেষ্টা যথাসাধ্য করব। বিভিন্ন বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বটা এখানে একটু বেশি থাকবে। তো আশা করি আমরা সবাইকে নিয়ে এটা নিয়ন্ত্রণ করতে পারব।’

 

নাসির উদ্দিন যোগ করেন, ‘অতীতে দেখা গেছে, এই ইলেকশনে খুব ভায়োলেন্সটা একটু বেশি হয়। তো সেটা আমাদের মাথায় আছে। সেইভাবে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে মোবিলাইজ করার চেষ্টা করব।’

 

সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে কিছু জানানো হয়েছে কি না— জানতে চাইলে সিইসি বলেন, ‘সরকার থেকে সিদ্ধান্ত নেবে না। আমরা নেব। আমরাই তাদের সঙ্গে আলোচনা করে পরামর্শক্রমে সিদ্ধান্ত নেব, দিনক্ষণ আমরাই ঠিক করব।’

 

স্থানীয় সরকার নির্বাচন কবে হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘দিনক্ষণ এখন বলা যাবে না। এটা অনেক ফ্যাক্টরের ওপর নির্ভর করে। কিছু আইন সংশোধনের জন্য সময় লাগবে।’

 

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কবে হবে— এই প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এটা ৯০ দিনের মধ্যে হয়ে যাবে। কোনো চিন্তা করবেন না। উই আর ওয়ার্কিং অন দিস।’

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট