দেশের বেশির ভাগ নদ-নদীর পানি বাড়লেও তা এখনও বিপৎসীমার নিচে থাকার তথ্য দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
তবে আগামী ২৪ ঘণ্টায় হবিগঞ্জে খোয়াই নদীর পানি কোনো কোনো অংশে বেড়ে গিয়ে আশপাশের নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে এ আভাস দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং এর কাছাকাছি উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাত হতে পারে।
সিলেট বিভাগের নদ-নদীর পরিস্থিতি তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের মনু, খোয়াই ও ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যা রবিবারও অব্যাহত থাকতে পারে।
সোমবার থেকে তা কমতে পারে তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় খোয়াই নদীর কিছু পয়েন্টের পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বাড়লেও সুরমা নদীর পানি কমেছে। আগামী দুই দিন এসব নদীর পানি বাড়তে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিকার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনার পানি সমতল বৃদ্ধি পেয়েছে। রবিবার তা আরও বাড়তে পারে। তবে দ্বিতীয় ও তৃতীয় দিন কমতে পারে। এরপর চতুর্থ ও পঞ্চম দিন পানি স্থিতিশীল থাকতে পারে; তবে এ সময়ে তা বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হবে।
অন্যদিকে গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে এবং পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী পাঁচ দিন এসব নদীর পানি বাড়লেও তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
চট্টগ্রাম বিভাগের নদ-নদীর বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলানিয়া ও ফেনী নদীর পানি সমতল কমেছে এবং তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রবিবার এসব নদীর পানি বাড়ার আশঙ্কা থাকলেও পরের দুই দিনে স্থিতিশীল হওয়ার আভাসও রয়েছে বিজ্ঞপ্তিতে।
পূর্বকোণ/রেহেনুমা/পারভেজ

















