চট্টগ্রাম শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা

১৩৩ দেশের ৩৩৪ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম বাউফলের হাফেজ জাকারিয়া

অনলাইন ডেস্ক

২১ আগস্ট, ২০২৬ | ১২:০৫ অপরাহ্ণ

বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার হাফেজ নূরুদ্দিন জাকারিয়া। পবিত্র কোরআন হিফজ ও তেলাওয়াতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে তিনি ওই গৌরব অর্জন করেন।

হাফেজ নূরুদ্দিন জাকারিয়া বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের আলোকী চাঁদকাঠি গ্রামের কৃতী সন্তান। তিনি বর্তমানে ঢাকার রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী।

জানা গেছে, গত বুধবার সৌদিতে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় অসাধারণ দক্ষতা প্রদর্শন করে হাফেজ জাকারিয়া প্রথম স্থান অর্জন করেন।

স্থানীয়রা জানায়, হাফেজ নূরুদ্দিন জাকারিয়ার এ অর্জন শুধু তার পরিবার বা বাউফলের জন্য নয় বরং পুরো বাংলাদেশের জন্য গর্বের বিষয়। তার সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন।

তার পরিবার ও শিক্ষকরা জানান, ভবিষ্যতে তিনি যেন দ্বীনি জ্ঞানচর্চা অব্যাহত রেখে দেশের জন্য আরও সুনাম বয়ে আনতে পারেন, এটাই তাদের প্রত্যাশা।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট