চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

মুচলেকা নিয়ে ছাড়া হলো মাহদীসহ তিন জনকে

মুচলেকা নিয়ে ছাড়া হলো মাহদীসহ ৩ জনকে

অনলাইন ডেস্ক

১৮ আগস্ট, ২০২৬ | ৫:২৯ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানসহ তিন জনকে আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

মুক্তি দেয়া অপর দুই জন হলেন— নুর হোসেনের ছেলে রাকিব আহমেদ রাজু ও দক্ষিণ শ্যামলী এলাকার আব্দুল হামিদের ছেলে মির্জা সুমন।

এর আগে সোমবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নিতে মাহদীসহ অন্যরা জড়ো হয়েছিলেন। পরে সেখান থেকে মাহদী হাসানসহ তিন জনকে আটক করে হবিগঞ্জ সদর থানা পুলিশ।

মুক্তির পর মাহদী হাসান অভিযোগ তোলে বলেন, সোমবার বিকালে কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় পুলিশ তাদের অন্যায়ভাবে তুলে নিয়ে যায়।

কোন মামলা বা অভিযোগ ছাড়াই কেন তাদের আটক করে রাখা হয়েছিল, সে বিষয়ে তাদের কোনও কারণ জানানো হয়নি।

অপর দিকে, মাহদী হাসানসহ তিন জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়ার বিষয়ে পুলিশের পক্ষ থেকে অনুষ্টানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট