চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

অনলাইন ডেস্ক

১৮ আগস্ট, ২০২৬ | ১:০৮ অপরাহ্ণ

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান এবং পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলি চালিয়ে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে করা মামলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সে সময় আজিজ আহমেদ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি এরই মধ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশের ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) অতিরিক্ত আইজি বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে ইন্টারপোলের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে দ্রুত রেড নোটিশ জারির অনুরোধ জানানো হয়।

 

চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, ‘জেনারেল (অব.) আজিজ আহমেদ বর্তমানে মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশে আত্মগোপন করে আছেন বলে আমরা জানতে পেরেছি। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় তিনি অন্যতম পলাতক আসামি। তাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হলো।’

 

তিনি আরও জানান, এই মামলার অন্য পলাতক আসামিদের ক্ষেত্রেও পর্যায়ক্রমে একই আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

উল্লেখ্য, গত ২৭ জুলাই শাপলা চত্বরের সেই হত্যাযজ্ঞের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার অন্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, শামসুল হক টুকু, হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ এবং ডা. দীপু মনি। এ ছাড়া গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এবং সাংবাদিক শাহরিয়ার কবির ও মোজাম্মেল হক বাবুর নামও তালিকায় রয়েছে।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট