চট্টগ্রাম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রাতে কাতার সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

রাতে কাতার সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

১৭ আগস্ট, ২০২৬ | ৮:১৬ অপরাহ্ণ

কাতারের রাজধানী দোহায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার (১৭ আগস্ট) রাতে তিনি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে দোহার উদ্দেশে রওয়ানা হবেন।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার বরাতে যানাযায়, সফরকালে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপক্ষীয় বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি সহযোগিতার বিষয়গুলো।

 

সফরে কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা এবং বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করবেন দুই দেশের মন্ত্রীরা।

 

পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দোহা যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

 

আগামী ২০ আগস্ট সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট