ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট খুলে প্রতারণা করা কিংবা অন্যের নাম-ছবি ব্যবহার করার সমস্যা সামাজিক মাধ্যমে দীর্ঘদিনের। এখন এআই দিয়ে তৈরি ছবি ও প্রোফাইল যুক্ত হওয়ায় আসল ও নকল অ্যাকাউন্ট চেনা আরও কঠিন হয়ে উঠেছে। এই সমস্যা সমাধানে মেটা চালু করতে যাচ্ছে বিনামূল্যের একটি নতুন ব্যাজ—‘ফেসবুক ভেরিফায়েড’।
যেভাবে কাজ করবে যাচাই প্রক্রিয়া
ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত ভিডিও সেলফি জমা দিতে হবে, যা প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে দেখবে মেটার প্রযুক্তি। পাশাপাশি অ্যাকাউন্টটি কমিউনিটি নীতিমালা মেনে চলছে কি না, তাও যাচাই করা হবে। সব ঠিক থাকলে প্রোফাইলে যুক্ত হবে ভেরিফিকেশন ব্যাজ—পুরোটাই বিনামূল্যে এবং দ্রুত সময়ে।
কোথায় দেখা যাবে
শুরুতে প্রোফাইল, মার্কেটপ্লেস, ডেটিং ও গ্রুপে এই ব্যাজ দেখা যাবে। পরে ফিডের পোস্টেও এটি যুক্ত হওয়ার পরিকল্পনা আছে, যাতে কেনাবেচা বা নতুন পরিচয়ের সময় ব্যবহারকারীরা বাড়তি নিশ্চয়তা পান।
কারা পাবেন এই সুবিধা
শুধু ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য এটি প্রযোজ্য—১৮ বছর বা তার বেশি বয়সী এবং নীতিমালা মেনে চলা ব্যবহারকারীরা এর আওতায় পড়বেন। পেজ বা প্রোফেশনাল মোড অ্যাকাউন্টে এই সুবিধা মিলবে না।
মেটা ভেরিফায়েডের সঙ্গে পার্থক্য
মেটা ভেরিফায়েড একটি পেইড সাবস্ক্রিপশন সেবা, যাতে অ্যাকাউন্ট সুরক্ষা ও সহায়তার মতো বাড়তি সুবিধা থাকে। অন্যদিকে ফেসবুক ভেরিফায়েড সম্পূর্ণ ফ্রি এবং এর একমাত্র লক্ষ্য—অ্যাকাউন্টের পেছনে সত্যিকারের একজন মানুষ আছেন কি না, তা নিশ্চিত করা। এই ব্যাজ পাওয়া মানে এই নয় যে মেটা সেই ব্যক্তিকে বিশেষভাবে অনুমোদন করছে।
ভুয়া অ্যাকাউন্ট কি একেবারে বন্ধ হবে?
এই উদ্যোগ ভুয়া অ্যাকাউন্ট পুরোপুরি ঠেকাতে পারবে না, তবে শনাক্তকরণ সহজ করে প্রতারণার ঝুঁকি কমাতে সহায়ক হবে। বিশেষত এআই-জেনারেটেড ভুয়া প্রোফাইলের সংখ্যা বাড়ছে বলে এই ব্যবস্থা ব্যবহারকারীদের বাড়তি সুরক্ষা দিতে পারে। ধাপে ধাপে বিভিন্ন দেশে চালু হলে আসল ও নকল প্রোফাইলের মধ্যে পার্থক্য বোঝা আগের চেয়ে সহজ হবে বলে আশা করা যাচ্ছে।
পূর্বকোণ/আদর/আরআর

















